দায়েশের হাত থেকে দারা এখন সম্পূর্ণ মুক্ত
-
সেনা জনতার উল্লাস
সিরিয়ার সামরিক বাহিনী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে। দারা প্রদেশ দায়েশের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এর ফলে গত কয়েক বছরের মধ্যে প্রদেশটিতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো।
ইরানের প্রেস টিভি আজ (শুক্রবার) জানিয়েছে, সিরিয়ার সেনারা দারা প্রদেশের পাশাপাশি কুনেইত্রা ও সুয়াইদা প্রদেশও মুক্ত করেছে।
এর আগে, গতকাল সিরিয়ার সামরিক বাহিনীর কঠোর অভিযানের মুখে অন্তত ১০০ দায়েশ সন্ত্রাসী জর্দানের দিকে পালিয়ে যায়। ওই এলাকায় বিগত কিছুদিন ধরে সামরিক বাহিনীর ব্যাপক অভিযান চলছিল।
জানা গেছে, দারা ও কুনেইত্রা প্রদেশ মুক্ত হওয়ার পর সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশ ইদলিব মুক্ত করার পরিকল্পনা করছে। রাশিয়াও বলেছে, ইদলিবে এখন চূড়ান্ত অভিযান চালানো দরকার।#
পার্সটুডে/এসআইবি/৩