সিরিয়ায় দায়েশের ‘অপারেশন কেন্দ্র’ ধ্বংস করেছে ইরাকি বাহিনী
-
সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানে অংশ নেয় ইরাকের এফ-১৬ বিমান (ফাইল ফটো)
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি অপারেশন রুম ধ্বংস করে দিয়েছে ইরাকের বিমান বাহিনী। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী ইরাকের ভেতরে হামলার পরিকল্পনা করছিল বলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণলয় জানিয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার জানিয়েছে, বিমান হামলায় সন্ত্রাসীদের ওই অপারেশন কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। হামলায় অংশ নিয়েছে ইরাকের কয়েকটি এফ-১৬ বিমান। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে ইরাকের ভেতরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছিল এ কেন্দ্র থেকে। সিরিয়ার সীমান্তবর্তী সুসা এলাকায় সন্ত্রাসীদের একটি অবস্থানে কামান ও মর্টার হামলা চালিয়ে সন্ত্রাসীদের শীর্ষ পর্যায়ের এক নেতাকে হত্যার একমাস পর এ হামলা চালালো ইরাকের বিমান বাহিনী।
গত বছর থেকে ইরাক সরকার সিরিয়ার ভেতরে সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। তার আগে ইরাক দায়েশমুক্ত হওয়ার ঘোষণা দেয়।#
পার্সটুডে/এসআইবি/১৭