সিরিয়ায় ইরানের উপস্থিতিকে সম্মানের দৃষ্টিতে দেখছে রাশিয়া: রিয়াবকোভ
-
সের্গেই রিয়াবকোভ
সিরিয়ায় ইরানের উপস্থিতিকে রাশিয়া সম্মানের দৃষ্টিতে দেখছে বলে জানিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ। এ ছাড়া, সিরিয়ায় ইরানের উপস্থিতিকে আইনসংগত বলেও উল্লেখ করেছেন তিনি। আরব এই দেশটিতে তেহরানের ভূমিকা নিয়ে যখন ওয়াশিংটন মস্কোর ওপর চাপ দিচ্ছে তখন এ মন্তব্য করলেন তিনি।
রিয়াবকোভের বরাত দিয়ে তাস সংবাদ সংস্থা আজ (শুক্রবার) জানিয়েছে, দামেস্ক সরকারের অনুরোধেই সিরিয়া গেছে ইরান। দামেস্ককে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সহায়তার জন্য সেখানে ইরান গেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সিরিয়ার আইনসংগত সরকারের আমন্ত্রণে দেশটিকে নিরাপত্তা প্রদানের ইরানি তৎপরতাকে সম্মানের চোখে দেখেছে রাশিয়া। এ বিষয়ে আরো কাজ করার অবকাশ আছে বলেও জানান তিনি। অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেন নি তিনি।
শীর্ষস্থানীয় রুশ এবং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৪