সিরিয়ার বিরুদ্ধে আবারো সামরিক হামলার হুমকি দিল আমেরিকা
-
জন বোল্টন (ডানে) এবং নিকোলাই পাত্রুশেভ
সিরিয়ার ওপর নতুন করে সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছে আমেরিকা। ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট আজ (শনিবার) এ খবর দিয়েছে।
চ্যানলটির খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সুইজারল্যান্ডের জেনেভা শহরে রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বৈঠকের সময় ওই হুমকি দেন। বোল্টন বলেছেন, অতীতের চেয়ে আরো বড় আকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।
ব্লুমবার্গকে চারটি সূত্র খবরটি নিশ্চিত করেছে কিন্তু কেউই নাম প্রকাশ করতে চান নি কারণ বোল্টন ও পাত্রুশেভের আলোচনার বিষয়বস্তু ছিল গোপন, জনসমক্ষে প্রকাশ করা হয় নি।
সিরিয়ার সরকার জনগণের ওপর রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলে গত এপ্রিল মাসে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এ দফায় সিরিয়ার বিরুদ্ধে কোন অজুহাত তুলে আমেরিকা সামরিক হামলার হুমকি দিচ্ছে তা পরিষ্কার নয়।
সিরিয়ার সরকার এবং তার মিত্র রাশিয়া ও ইরান সবসময় বলে আসছে, বাশার আসাদের সরকার রাসায়নিক হামলায় জড়িত নয় বরং সন্ত্রাসীরা এসব হামলা চালিয়ে তার দায় চাপিয়ে দিয়েছে আসাদ সরকারের ওপর। পশ্চিমারা বিশেষ করে আমেরিকা বিষয়টিকে সিরিয়া সরকারের বিরুদ্ধে প্রচারণার হাতিয়ার বানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৫