সিরিয়ায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী; উদ্বেগে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i63833-সিরিয়ায়_ইরানের_প্রতিরক্ষামন্ত্রী_উদ্বেগে_ইসরাইল
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সিরিয়া সফরের সম্ভাব্য প্রভাবের বিষয়ে ইহুদিবাদী ইসরাইল উদ্বেগে রয়েছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়েবসাইট 'দেবকা ফাইল' বলছে, ইরানি প্রতিরক্ষামন্ত্রীর এই সফর উদ্বেগজনক। কারণ ধারণা করা হচ্ছে এই সফরের সময় দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তি সই হতে পারে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ২৭, ২০১৮ ১৬:২২ Asia/Dhaka
  • ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে (ডান থেকে দ্বিতীয়) স্বাগত জানাচ্ছেন সিরিয়ার কর্মকর্তারা
    ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে (ডান থেকে দ্বিতীয়) স্বাগত জানাচ্ছেন সিরিয়ার কর্মকর্তারা

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সিরিয়া সফরের সম্ভাব্য প্রভাবের বিষয়ে ইহুদিবাদী ইসরাইল উদ্বেগে রয়েছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়েবসাইট 'দেবকা ফাইল' বলছে, ইরানি প্রতিরক্ষামন্ত্রীর এই সফর উদ্বেগজনক। কারণ ধারণা করা হচ্ছে এই সফরের সময় দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তি সই হতে পারে।

ইসরাইল ধারণা করছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সাম্প্রতিক তেল আবিব সফরের পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী সিরিয়া সফরে গেছেন। অবশ্য ইরানের পক্ষ থেকে এ ধরণের কোনো ঘোষণা দেওয়া হয় নি। তবে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা যখন সিরিয়ায় ইরানের উপস্থিতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ঠিক সে সময়ই ইরানের প্রতিরক্ষামন্ত্রী দেশটি সফরে গেছেন।

গতকাল (রোববার) ইরানের প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ায় পৌঁছান এবং গতকাল তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করেছেন।  

সিরিয়া সংকট সমাধানে ইরান শুরু থেকেই বাশার আল-আসাদ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং সংকটের এক পর্যায়ে সিরিয়া সরকারের অনুরোধে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দামেস্ককে সাহায্য করার জন্য সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। এছাড়া, কোনো রকমের অনুমতি না নিয়ে মার্কিন সেনারা সিরিয়ার অভ্যন্তরে যে তৎপরতা চালাচ্ছে তারও তীব্র সমালোচনা করে আসছে ইরান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন