বসরায় ইরানি কনস্যুলেটে হামলা; অপরাধীদের শাস্তির দাবি জানাল তেহরান
https://parstoday.ir/bn/news/west_asia-i64127-বসরায়_ইরানি_কনস্যুলেটে_হামলা_অপরাধীদের_শাস্তির_দাবি_জানাল_তেহরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইরাকের বসরা শহরে ইরানি কনস্যুলেটে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার হোতাদের চরম শাস্তি দাবি করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০১:২৮ Asia/Dhaka
  • শুক্রবার রাতে বসরায় ইরানি কনস্যুলেটে হামলা চালায় দুর্বৃত্তরা
    শুক্রবার রাতে বসরায় ইরানি কনস্যুলেটে হামলা চালায় দুর্বৃত্তরা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইরাকের বসরা শহরে ইরানি কনস্যুলেটে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার হোতাদের চরম শাস্তি দাবি করেছেন।

তিনি শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছেন, ইরাকের সব কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব বাগদাদ সরকারের। কাজেই বাগদাদকে অবিলম্বে ইরানি কনস্যুলেটে হামলাকারী ও এর পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে তিনি ইরাক ও ইরানের সুসম্পর্ক নস্যাত করার প্রত্যক্ষ ও পরোক্ষ হোতাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ইরাকে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, বেকারত্ব এবং পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত পাঁচদিন ধরে বসরা শহরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা গত কয়েকদিনে ইরাকের বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।  গত পাঁচদিনের সংঘর্ষে বসরায় অন্তত নয় জন নিহত ও বহু লোক হয়েছে।

 বাহরাম কাসেমি

তবে শুক্রবার রাতে হঠাৎ করে দুর্বৃত্তরা ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, হামলার ঘটনায় কনস্যুলেট কর্মীদের কোনো ক্ষতি হয়নি।

কোনো কোনো সূত্র বলছে, ইরান ও ইরাকের মধ্যে সাম্প্রতিক বছরগুলো যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে তা ভণ্ডুল করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। এক সময় ইরাকের বিস্তীর্ণ এলাকা দখলকারী উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সহযোগিতাকে কেন্দ্র করে তেহরান ও বাগদাদের মধ্যে এই সুসম্পর্ক গড়ে উঠেছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮