ইরাকের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/west_asia-i64128-ইরাকের_রাষ্ট্রদূতকে_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানাতে আজ (শনিবার) ভোরে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরাকি নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রতিবাদ জানানো হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০১:৪৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানাতে আজ (শনিবার) ভোরে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরাকি নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরাকি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন ইরানের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক। তিনি ইরাকি রাষ্ট্রদূতকে জানান, বসরা নগরীতে গত কয়েকদিনের সহিংসতার সময় দুর্বৃত্তরা ইরানি কনস্যুলেটে হামলা চালানোর চেষ্টা চালায়। এ অবস্থায় তেহরানের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করার পর বাগদাদ ইরানি কুনস্যুলেটের নিরাপত্তা শক্তিশালী করা হবে বলে প্রতিশ্রুতি দিলেও তা পালন করেনি।

বৈঠকে ইরানের তীব্র প্রতিবাদের বিষয়টি অবিলম্বে বাগদাদের কাছে পৌঁছে দেয়ার জন্য ইরাকি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হয়।

ইরাকে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, বেকারত্ব এবং পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত পাঁচদিন ধরে বসরা শহরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা গত কয়েকদিনে ইরাকের বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।  গত পাঁচদিনের সংঘর্ষে বসরায় অন্তত নয় জন নিহত ও বহু লোক হয়েছে।

তবে শুক্রবার রাতে হঠাৎ করে দুর্বৃত্তরা ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, হামলার ঘটনায় কনস্যুলেট কর্মীদের কোনো ক্ষতি হয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮