ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছে ৪০ আইএস কমান্ডার: আইআরজিসি
-
হাজিযাদেহ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, সিরিয়ায় ফোরাতের পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দায়েশ বা আইএসের ৪০ জন কমান্ডার নিহত হয়েছে। এদের সবাই আইএসের মসুল শাখার কমান্ডার।
তিনি আরও বলেছেন, ফোরাতের পূর্বাঞ্চলীয় আলবুকামালে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও চিত্র থেকে এটা স্পষ্ট সব ক্ষেপণাস্ত্রই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ হামলায় মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সম্পর্কে তিনি বলেন, এ হামলায় ইরান প্রথমবারের মতো বোমাবাহী ড্রোন ব্যবহার করেছে।
হাজিযাদেহ বলেন, সন্ত্রাসীদের যেসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেগুলো মার্কিন ঘাঁটিগুলোর কাছাকাছি অবস্থিত। এরপরও ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট স্থানে আঘাত হেনেছে। মার্কিনীরাও স্বীকার করেছে, সাফল্যের সঙ্গে ইরানের অভিযান সম্পন্ন হয়েছে।
গত সোমবার সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সিরিয়ায় ফোরাতের উত্তরাঞ্চলে সন্ত্রাসী কমান্ডারদের অবস্থানস্থলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ২২ সেপ্টেম্বর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজে সামরিক কুচকাওয়াজে সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ নিতে পাল্টা এ হামলা চালায়। আহওয়াজে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দায়েশ ও আল আহওয়াজিয়া।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন