পশ্চিম তীরে আরো ২০ হাজার বসতি স্থাপন করছে ইসরাইল
-
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি
ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো ২০ হাজার অবৈধ বসতি স্থাপন করার অনুমোদন দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইল যে ভূমি দখলের নীতি অনুসরণ করে আসছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব এবং আন্তর্জাতিক মতামতের তোয়াক্কা না করে তেল আবিব এ উদ্যোগ নিয়েছে।
ইসরাইল যেসব এলাকায় এই বসতি স্থাপন করতে যাচ্ছে সেসব এলাকার ঐতিহাসিক ও কৌশলগত বিশেষ গুরুত্ব রয়েছে।
ইসরাইলের গৃহায়ণ ও নির্মাণমন্ত্রী উয়োভ গালান্ত বলেন, জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
১৯৬৭ সালে আরব দেশগুলোর বিরুদ্ধে ছয় দিনের যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস দখল করে নেয়।
পরবর্তীতে ইসরাইল পূর্ব বায়তুল মুকাদ্দাসকে নিজের ভূখণ্ড বলে সংযুক্ত করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো ইসরাইলের এ পদক্ষেপকে স্বীকৃতি দেয় নি। এর বিপরীতে ফিলিস্তিনিরা বলে আসছেন যে, পূর্ব বায়তুল মুকাদ্দাসকে তারা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করতে চান।#
পার্সটুডে/এসআইবি/২৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন