ফিলিস্তিনি শহীদদের রক্তের বদলা নেওয়া হবে: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, শহীদদের রক্তের বদলা নেওয়া হবে। গাজা উপত্যকার দক্ষিণের 'খান ইউনুস'-এ ইহুদিবাদীদের হামলায় বেশ কয়েক জন ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সংগঠনটি এ প্রতিক্রিয়া জানাল।
হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলায় প্রতিরোধ সংগ্রামীদের পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরাইলি সেনাদের বিমান ও স্থল হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। শহীদদের মধ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষস্থানীয় কমান্ডার রয়েছে।
কোনো কোনো সূত্র বলছে, গাজায় থেমে থেমে সংঘর্ষ চলছে।
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের অবৈধ উপস্থিতি বজায় রাখার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রামী ফিলিস্তিনিদেরকে এভাবে হত্যা করে আসছে। তবে ফিলিস্তিনি জনগণ মনে করেন, এভাবে মানুষ হত্যা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না ইহুদিবাদীরা।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২