সিরিয়ায় দূতাবাস চালু করেছে আমিরাত
-
দামেস্কে উদ্বোধন করা হয়েছে আমিরাতের নতুন দূতাবাস
সিরিয়ার রাজধানী দামেস্কে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দূতাবাস চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এ ঘোষণা দিয়েছে।
এর আগে গত নভেম্বর মাসে রাশিয়ার দৈনিক নেজাভিজিমায়া গেজেট পত্রিকা জানিয়েছিল যে, সিরিয়ায় দূতাবাস চালু করার বিষয়ে দামেস্কের সঙ্গে আলোচনা করছে আমিরাত সরকার। বিষয়টি নিয়ে আমিরাতের সরকারি কর্মকর্তারা সিরিয়া সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর সংযুক্ত আরব আমিরাত দ্রুত দূতাবাস বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আবুধাবিকে দীর্ঘদিন থেকেই বহু সন্ত্রাসী গোষ্ঠীর মদদদাতা হিসেবে বিবেচনা করা হয়। এসব সন্ত্রাসী সিরিয়াকে যেমন ধ্বংসস্তুপে পরিণত করেছে তেমনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটানোর চেষ্টা করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সরকার ও মিত্রদের সফলতার পর সাবেক শত্রু দেশগুলো তাদের হিসাব-নিকাশ পাল্টাচ্ছে।
এছাড়া, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এসব দেশ তাদের অবস্থানে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। গত ১৬ ডিসেম্বর সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির সিরিয়া সফর করেন। ২০১১ সালে সিরিয়ার সংকট শুরুর পর এটাই ছিল কোনো আরব নেতার প্রথম সিরিয়া সফর। ধারণা করা হচ্ছে ওই সফরে তিনি আরব নেতাদের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান করেছেন।#
পার্সটুডে/এসআইবি/২৭