ইরাকে দায়েশকে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমেরিকা: রাজনৈতিক নেতা
-
হামাম আল হামোদি
ইরাকের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ইসলামিক সুপ্রিম কাউন্সিলের প্রধান হামাম আল হামোদি বলেছেন, আমাদের কাছে স্পষ্ট গোয়েন্দা তথ্য আছে যে তাকফিরি দায়েশের নেতৃত্বে ইরাকে সন্ত্রাসী কার্যক্রম পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকা। প্রতিবেশী সিরিয়ায় দায়েশ পরাজিত হওয়ার পর আমেরিকা এ পদক্ষেপ নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল (শনিবার) হামোদি বলেন, ইরাকে ওয়াশিংটনের প্রধান কৌশল হচ্ছে দেশের বিভিন্ন অংশে উগ্র গোষ্ঠী জিইয়ে রেখে বাগদাদকে মার্কিন সামরিক উপস্থিতির ওপর নির্ভরশীল করে রাখা। ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক বছরে ইরাকে দায়েশ পরাজিত হওয়ার পর বহু সন্ত্রাসী সিরিয়ায় পালিয়ে গেছে। কিন্তু সিরিয়ায় দায়েশ তাদের অধিকাংশ ভূখণ্ড হারানোর পর আমেরিকার সহযোগিতায় এখন তারা ইরাকে ফিরে আসার চেষ্টা করছে।
হামোদি আরো বলেন, দায়েশের বিরুদ্ধে বিজয় অর্জনের পর এবং সন্ত্রাসীরা সিরিয়ায় পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আমাদের কাছে কিছু নির্ভরযোগ্য তথ্য আসছে যে যৌথ সীমান্ত দিয়ে আমেরিকা দায়েশ সন্ত্রাসীদেরকে ইরাকে পাঠানোর চেষ্টা করছে। ওয়াশিংটন এটি এ জন্যই করছে যে ইরাক যাতে দায়েশ মোকাবেলার জন্য আমেরিকা এবং অন্য শক্তিগুলোর সাহায্য কামনা করে।
এছাড়া, হামোদি ইরাকে দায়েশকে হটাতে ইরানের ভূমিকা এবং বাগদাদ ও তেহরানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিতে ওয়াশিংটনের চেষ্টার কথা উল্লেখ করেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন