সৌদিপন্থি সন্ত্রাসীদের ওপর হুথিদের ড্রোন হামলা: বহু নিহত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় লাহেজ প্রদেশে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে সৌদি মদদপুষ্ট ইয়েমেনের সাবেক সরকারের অনুগত বহু সন্ত্রাসী নিহত হয়েছে।
ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ বৃহস্পতিবার আগ্রাসীদের কমান্ড কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয় নি।
এদিকে সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া সংবাদ মাধ্যম জানিয়েছে, ইয়েমেনের আল আনাদ এলাকার সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় পাঁচ জন নিহত এবং আরো বেশি কিছু সন্ত্রাসী আহত হয়েছে। এ সময় সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলছিল। এছাড়া, হুথি বাহিনীর পাল্টা হামলায় সৌদিপন্থি ১২ সন্ত্রাসী আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। যুদ্ধ চলাকালে সৌদি জোটের অবরোধে দুই কোটি ২০ লাখ মানুষ আবদ্ধ হয়ে পড়ে, তাদের খাদ্য সরবরাহে চরম বিপর্যয় দেখা দেয়। এক কোটি ২০ লাখ মানুষের বসতি এলাকায় মারাত্মক আকারে কলেরা রোগ ছড়িয়ে পড়ে।#
পার্সটুডে/বাবুল আখতার/১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন