আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বহিষ্কার করবে ইসরাইল
-
আল-খলিল শহরে মোতায়েন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কয়েকজন
অধিকৃত ফিলিস্তিনের আল-খলিল শহর থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বহিষ্কার করার পরিকল্পনা নিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক এ পর্যবেক্ষক গোষ্ঠী পশ্চিম তীরের আল-খলিল শহরের ফিলিস্তিনি জনগণের সুরক্ষা দেয়ার দায়িত্ব পালন করে।
নেতানিয়াহু দাবি করছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইসরাইলের বিরুদ্ধে কাজ করছে। গতকাল (সোমবার) এক বিবৃতিতে তিনি বলেছেন, আল-খলিল শহরে এসব পর্যবেক্ষকের থাকার মেয়াদ বাড়ানো হবে না। তিনি আরো বলেন, “ইসরাইলের বিরুদ্ধে কাজ করে এমন কোনো আন্তর্জাতিক বাহিনীকে আমরা থাকার অনুমতি দেব না।”
আল-খলিল শহরে মোতায়েন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কীভাবে ইসরাইলের বিরুদ্ধে কাজ করেছে বা তারা কী ধরনের খারাপ আচরণ করেছে তা বিস্তারিত বলেন নি নেতানিয়াহু।
আল-খলিল শহরে মোতায়েন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বেসামরিক পর্যবেক্ষক সংস্থার সদস্য। তারা শহরের জনগণের স্বাভাবিক জীবনযাপনের বিষয়ে সহযোগিতা করে এবং ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিপোর্ট করে। নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, ইতালি ও তুরস্কের পর্যবেক্ষকরা আল-খলিল শহরে দায়িত্ব পালন করছে।#
পার্সটুডে/এসআইবি/২৯