‘প্রতিবেশী দেশে হামলায় ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না’
-
প্রেস টিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন জেনারেল খাফাজি
প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেবে না বাগদাদ। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ প্রত্যয় ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট হাসান রুহানির বাগদাদ সফরকালে মঙ্গলবার এ সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
তিনি বলেন, “আমাদের চারপাশের কোনো দেশের বিরুদ্ধে তৎপরতা চালানোর জন্য আমরা কাউকে ইরাকের ভূমি ব্যবহার করতে দেব না; কারণ, প্রতিবেশী সবগুলো দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিরাজ করছে।”
জেনারেল খাফাজি বলেন, ইরাকে বর্তমানে যেসব মার্কিন সেনা অবস্থান করছে তাদেরকে যুদ্ধের জন্য মোতায়েন রাখা হয়নি। তারা বরং সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। ইরাকের সেনাবাহিনী সেদেশের নিরাপত্তা রক্ষা করার জন্য যথেষ্ট বলেও জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
তিনি তার দেশে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেনারেল খাফাজি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরাকের সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে ইরান। আমাদের মধ্যে ভালো সম্পর্ক বিরাজ করছে এবং এ সম্পর্ককে আমরা আরো শক্তিশালী করতে চাই।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩