গোলানকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দিতে চান ট্রাম্প
-
গোলান মালভূমিতে ইসরাইলের নির্মাণ প্রতিরক্ষা করা বেড়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার এখনই উপযুক্ত সময়। গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পের টুইট বার্তাকে স্বাগত জানিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। মালভূমির বিরাট অংশ এখনো ইসরাইলের দখলে রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প টুইটে গোলান মালভূমিকে ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, ইসরাইলের নিরাপত্তা ও কৌশলগত কারণে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গোলানকে ইসরাইলের সার্বভৌম অংশ বলে স্বীকৃতি দেয়া উচিত। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমেরিকা সফরের দুই সপ্তাহ আগে ট্রাম্প গোলান মালভূমি নিয়ে এসব কথা বললেন।
ইসরাইল ১৯৮১ সালে গোলান মালভূমিতে নিজেদের শাসন ও আইন বলবৎ করে। তবে কোনো দেশ এ পর্যন্ত গোলানকে ইসরাইলের ভূখণ্ড বলে স্বীকৃতি দেয় নি। সিরিয়া ধারাবাহিকভাবে এই মালভূমির মালিকানা ফেরত চেয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/২২