গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে গোটা বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান
https://parstoday.ir/bn/news/west_asia-i69195-গোলান_মালভূমি_নিয়ে_ট্রাম্পের_ঘোষণার_বিরুদ্ধে_গোটা_বিশ্বের_ঐক্যবদ্ধ_অবস্থান
বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করতে গিয়ে এমন কিছু কাজ করেছেন যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট করার সাহস দেখাননি। তিনি সর্বশেষ গত ২৫ মার্চ অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০১৯ ১২:১৯ Asia/Dhaka
  • গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে গোটা বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান

বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করতে গিয়ে এমন কিছু কাজ করেছেন যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট করার সাহস দেখাননি। তিনি সর্বশেষ গত ২৫ মার্চ অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।

এ বিষয়ে বুধবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমেরিকা ছাড়া ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের বাকি ১৪ দেশ গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে এবং ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি এ সম্পর্কে বলেছেন, নিরাপত্তা পরিষদের ১৪ দেশ গোলান মালভূমির মালিকানা ইসরাইলকে দেয়ার বিরোধিতা করে কার্যত তেল আবিবের গালে শক্ত চপেটাঘাত করেছে। আমেরিকা আসলে এ পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি জাতিসংঘকে অপমান করেছে।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত ভ্লাদিমির স্যাফরোনকভ গোলান মালভূমির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে বলেছেন, এ মালভূমির ব্যাপারে রাশিয়া আন্তর্জাতিক আইন মেনে চলবে। তিনি বলেন, আমেরিকার এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিনষ্ট করবে। রাশিয়ার এ কূটনীতিক বলেন, গোলান মালভূমিকে আমেরিকা গায়ের জোরে ইসরাইলের কাছে হস্তান্তর করলেই বাস্তবতা পরিবর্তিত হয়ে যাবে না।

জাতিসংঘে নিযুক্ত চীনের উপ রাষ্ট্রদূত ওয়াউ হাইতাও গোলান মালভূমিকে ইসরাইলের সঙ্গে জুড়ে দেয়ার বিরোধিতা করে বলেছেন, জাতিসংঘের সব ঘোষণায় গোলান মালভূমিকে ইসরাইলের জবরদখলকৃত ভূখণ্ড বলে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গোলান মালভূমি নিয়ে মার্কিন সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রকৃতপক্ষে ওয়াশিংটনকে চরম বার্তা দিয়েছে। এই বার্তায় আসলে একথাই বলা হয়েছে যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে ট্রাম্প চরম অন্যায় করেছেন এবং তিনি গোলান মালভূমি সম্পর্কে তার সিদ্ধান্ত মেনে নিতে গোটা বিশ্বকে বাধ্য করার চেষ্টা করে ধৃষ্টতাপূর্ণ কাজ করেছেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮