সৌদির কাছে অস্ত্র বিক্রেতা ব্রিটেন মধ্যস্থতা করতে পারে না: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i69232-সৌদির_কাছে_অস্ত্র_বিক্রেতা_ব্রিটেন_মধ্যস্থতা_করতে_পারে_না_ইয়েমেন
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যে ব্রিটেন আগ্রাসী সৌদি সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি করে যাচ্ছে সে ইয়েমেন শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে পারে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রিয়াদের কাছে লন্ডনের অস্ত্র বিক্রি অব্যাহত রাখার পক্ষে কথা বলার পর এ হুঁশিয়ারি দিল আনসারুল্লাহ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ৩০, ২০১৯ ০৮:৩৩ Asia/Dhaka
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে সৌদি রাজা সালমানের বৈঠক
    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে সৌদি রাজা সালমানের বৈঠক

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যে ব্রিটেন আগ্রাসী সৌদি সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি করে যাচ্ছে সে ইয়েমেন শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে পারে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রিয়াদের কাছে লন্ডনের অস্ত্র বিক্রি অব্যাহত রাখার পক্ষে কথা বলার পর এ হুঁশিয়ারি দিল আনসারুল্লাহ।

ইয়েমেনের সুপ্রিম রেভ্যুলুশনারি কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আলী আল-হুথি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ব্রিটেন ইয়েমেনে যে ত্রাণ পাঠাচ্ছে তার ফলে আগ্রাসী সৌদি আরবের কাছে লন্ডনের সমরাস্ত্র বিক্রির অপরাধ মুছে যাবে না। জেরেমি হান্ট যখন অস্ত্র বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তখন তিনি শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবেন না।”

মোহাম্মাদ আলী আল-হুথি

জার্মানিকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করতে উৎসাহিত করার প্রচেষ্টার জন্যও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর তীব্র নিন্দা জানান আলী আল-হুথি।  তিনি বলেন, “জেরেমি হান্ট সৌদির কাছে ব্রিটেনের অস্ত্র বিক্রি সমর্থন করার চেয়েও খানিকটা এগিয়ে গেছেন। তিনি জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোকে সৌদির কাছে অস্ত্র বিক্রি করতে উৎসাহিত করার চেষ্টা করছেন।”

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে জার্মানি। জার্মানির সব ধরনের অস্ত্র এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ফ্রান্স ও ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের সমালোচনা উপেক্ষা করে জার্মানি এ সিদ্ধান্ত ঘোষণা করে।

সৌদি আরবের বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় গত অক্টোবর মাসে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সরকার সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। তারপর কয়েকবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বার্লিন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩০