ক্ষেপণাস্ত্র হামলা ছোট্ট নমুনা; ইসরাইলের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে: হানিয়া
-
ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা প্রতিরোধ সংগ্রামীদের পক্ষ থেকে পাল্টা জবাবের একটি ছোট্ট নমুনা মাত্র। গত সপ্তাহে গাজা থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরাইলের তেল আবিবে আঘাত হানে। এতে সাত ইহুদিবাদী ইসরাইলি আহত হয়।
এ সম্পর্কে ইসমাইল হানিয়া আজ (বুধবার) আরও বলেছেন, প্রতিরোধ সংগ্রামীরা তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে দখলদারদেরকে এ বার্তাই দিয়েছে যে, ইহুদিবাদীদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। ফিলিস্তিনিরা প্রয়োজনে কঠোর জবাব দেবে।
তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা জনগণের দুঃখ-কষ্টের কথা চিন্তা করে যুদ্ধ থেকে দূরে থাকতে চায়। তবে ইহুদিবাদী ইসরাইল যতক্ষণ যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলবে ততক্ষণই কেবলি প্রতিরোধ সংগ্রামীরা যুদ্ধ থেকে দূরে থাকবে।
গত সোমবার রাতে মিশরীয় প্রতিনিধি দল গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন সংক্রান্ত একটি চিঠি হামাসের কাছে হস্তান্তর করেছে। একইসঙ্গে ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে হামাস যেসব দাবি জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের কাছে সেগুলোও তুলে ধরা হয়েছে বলে তারা জানিয়েছে।
হামাস বলেছে, ইসরাইলি কারাগারগুলোতে স্থাপিত বিশেষ যন্ত্রগুলো তুলে নিতে হবে, বন্দিদের ওপর আরোপিত বিভিন্ন সীমাবদ্ধতা প্রত্যাহার করতে হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে বন্দিদের সাক্ষাতের সুযোগ দিতে হবে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩