‘সিরিয়া সরকারের সঙ্গে জাতিসংঘ দূতের কার্যকর আলোচনা’
-
ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে (ডানে) জাতিসংঘ দূত গাইয়ের পেডারসেনের আলোচনা
সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে কার্যকর আলোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত গাইয়ের পেডারসেন।
গতকাল (রোববার) বৈঠক শেষে তিনি রাজধানী দামেস্কে সাংবদিকদের বলেন, “আমরা খুবই বিস্তারিত ও উল্লেখযোগ্য আলোচনা করেছি। আমরা সব ইস্যু নিয়ে কথা বলছি; ফলে সব ইস্যুই আলোচনার টেবিলে রয়েছে।” তবে কোনো ইস্যুর কথা আলাদা করে উল্লেখ করেন নি নরওয়ের এ কূটনীতিক। পরিস্থিতি নিয়ে সিরিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আরো আলোচনা হবে বলে তিনি জানান।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পেডারসেন ও মুয়াল্লেম সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে যুদ্ধ-পরবর্তী সিরিয়ার সংবিধান রচনা বিষয়ক কমিটি গঠন।
গত জানুয়ারি মাসে পেডারসেন সিরিয়া বিষয়ক দূত হিসেবে দায়িত্ব নেন। এরপর এ নিয়ে তিনি সিরিয়ায় তিনবার সফর করলেন। পূর্বসূরী স্টাফান ডি মিস্তুরার পদত্যাগের পর তিনি সিরিয়া বিষয়ক জাতিসংঘের চতুর্থ দূত হিসেবে কাজ শুরু করেন।#
পার্সটুডে/এসআইবি/১৫