আমেরিকার দাবি মিথ্যা বলে নাকচ করল ইরাক
-
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আদিল আবদুল মাহদি
ইরাকের অর্থনীতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ভূমিকা নিয়ে আমেরিকা সম্প্রতি যে দাবি করেছে তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। তিনি বলেছে, ইরানের এলিট ফোর্স আইআরজিসি-কে নিয়ে আমেরিকা মিথ্যা কথা বলছে।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আবদুল মাহদি বলেন, “আইআরজিসি ইরাকের শতকরা ২০ ভাগ অর্থনীতি নিয়ন্ত্রণ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তা নিতান্তই মিথ্যা।” মাইক পম্পেওর বক্তব্যে ইরাকি প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, ইরানি সেনারা ইরাকের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়।
আবদুল মাহদি বলেন, “মার্কিনিরা ২০ ভাগ বা ১০ ভাগের কথা বলছেন কিন্তু তারা কী করে এই হিসাব করলেন?” তিনি বলেন, “ইরানের সঙ্গে আমরা অর্থনৈতিক সুসম্পর্ক রাখি এবং তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করি কিন্তু তাদের সেনারা আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সেটা হতে পারে না।”
গত সপ্তহে আমেরিকা ইরানের আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। মার্কিন সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় তোলে।#
পার্সটুডে/এসআইবি/১৭