কংগ্রেসের প্রস্তাবে ভেটো: কঠোর নিন্দা ইয়েমেনের
-
আবদুস সালাম
মার্কিন কংগ্রেসে পাস হওয়া একটি প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেয়ায় ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন তার কঠোর নিন্দা করেছে। কংগ্রেসের ওই প্রস্তাবে ইয়েমেন যুদ্ধে সৌদি সরকারের প্রতি সমর্থন দেয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
ভেটো দেয়ার পর হুথি আন্দোলনের মুখপাত্র আবদুস সালাম বলেন, মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে, চলমান সংঘাতের পেছনে রয়েছে আমেরিকা। তিনি বলেন, এর মাধ্যমে এই প্রমাণ হয় যে, আমেরিকা শুধু ইয়েমেন যুদ্ধে জড়িতই নয় বরং ইয়েমেন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত তারাই দিয়েছে।
আবদুস সালাম তার টুইটার পেইজে গতকাল (বুধবার) এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকার এই সিদ্ধান্ত ও ইচ্ছা অন্যরা বাস্তবায়ন করেছে চলেছে। ইয়েমেনের অন্যায় যুদ্ধে বর্বর হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের জন্য তিনি আমেরিকাকে দায়ী করেন।
ইয়েমেন যুদ্ধ বন্ধ এবং সৌদির প্রতি সমর্থন না দিতে মার্কিন কংগ্রেস প্রথমবারের মতো একটি প্রস্তাব পাস করে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল (বুধবার) তাতে ভেটো দেন। ট্রাম্পের ভেটোর ওপর পাল্টা ব্যবস্থা নেয়ার ক্ষমতা নেই কংগ্রেসের।#
পার্সটুডে/এসআইবি/১৮