সিরিয়ার কৌশলগত এলাকায় ইসরাইলি হামলা; কিছু ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/west_asia-i72219-সিরিয়ার_কৌশলগত_এলাকায়_ইসরাইলি_হামলা_কিছু_ক্ষয়ক্ষতি
ইহুদিবাদী ইসরাইল আজ আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে। আজ ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র তাল আল-হারা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা সানা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৪, ২০১৯ ০৭:১১ Asia/Dhaka
  • সিরিয়ার কৌশলগত এলাকায় ইসরাইলি হামলা; কিছু ক্ষয়ক্ষতি

ইহুদিবাদী ইসরাইল আজ আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে। আজ ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র তাল আল-হারা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা সানা জানিয়েছে।

এ সময় সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। আজকের হামলায় কেউ হতাহত না হলেও কিছু আর্থিক ক্ষতি হয়েছে বলে সিরিয়া স্বীকার করেছে। 

তাল আল-হারা হচ্ছে সিরিয়ার অত্যন্ত কৌশলগত একটি এলাকা। উঁচু ওই এলাকা থেকে ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমির ওপর পর্যবেক্ষণ তৎপরতা চালানো যায়। এ কারণেই ওই এলাকাটিতে বার বার হামলা চালাচ্ছে ইসরাইল। এক মাস আগেও সেখানে ইসরাইল হামলা চালিয়েছিল। 

দু্ই দিন আগেও সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সে সময়ও শত্রুদের কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করে সিরিয়ার সেনাবাহিনী।

দখলদার ইসরাইল সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সমর্থনে মাঝেমধ্যেই দেশটির সেনা অবস্থান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে থাকে। এ পর্যন্ত সিরিয়া এ ধরনের বহু হামলা প্রতিহত করেছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও তাদের মিত্র দেশগুলো সেখানে সন্ত্রাসী তৎপরতায় মদদ দিচ্ছে। তবে সিরিয়ার সেনাবাহিনী ইরান ও রাশিয়ার সহযোগিতায় দায়েশ সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়েছে। অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোও এখন নিশ্চিহ্ন হওয়ার মুখে রয়েছে।#

পার্সটুডে/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।