ইয়েমেনে ঘরবাড়ীতে সৌদি বিমান হামলা; ৩ নারী ও ১ শিশু নিহত
-
সৌদি হামলায় বিধ্বস্ত একটি বাড়ি (ফাইল ফটো)
আজ (শুক্রবার) ভোরে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের বিমান হামলায় চার ইয়েমেনি নিহত ও আরো চারজন আহত হয়েছে। ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় আল হুদায়দা প্রদেশের আল-হালি এলাকার ঘরবাড়িতে নির্বিচারে বোমাবর্ষণ করেছে সৌদি বাহিনী।
হতাহতদের প্রায় সবাই নারী ও শিশু। নিহতদের মধ্যে রয়েছে তিন নারী ও এক শিশু। আহতদের মধ্যেও রয়েছে দুই শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ পবিত্র শুক্রবার সকালে ওই এলাকার অনেকের ঘুম ভেঙেছে সৌদি জঙ্গিবিমানের হামলার শব্দে।
এর আগে গত বুধবার ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-হাশা এলাকায় সৌদি জঙ্গি বিমানের হামলায় পাঁচ বেসামরিক ব্যক্তি প্রাণ হারান।
এদিকে, ইয়েমেনের এডেনে সৌদি জোটের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং সেখানে উভয় পক্ষের বেশ কয়েক জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের কয়েকটি মিত্র দেশ। তবে এডেনে এখন সৌদি আরব ও আমিরাত সমর্থিত দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলেছে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হামলায় এ পর্যন্ত 16 হাজারের বেশি মানুষ নিহত এবং আরো হাজার হাজার মানুষ আহত ও ঘরছাড়া হয়েছে।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।