নিজের শহীদ ছেলে সম্পর্কে যা বললেন হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার শহীদ ছেলে সম্পর্কে বলেছেন, তার ছেলেও অন্য প্রতিরোধ যোদ্ধাদের মতো শহীদ হয়েছেন, অন্যদের সঙ্গে তার ছেলের কোনো পার্থক্য নেই। তার ছেলে স্বেচ্ছায় প্রতিরোধ সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন এবং এ পথেই শহীদ হয়েছেন।
ইরানের ধর্মীয় নগরী কোমে নিজের বড় ছেলে’র শাহাদাৎবার্ষিকীর এক অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন।
হাসান নাসরুল্লাহ বলেছেন, তার ছেলে মুহাম্মাদ হাদি শিশুকাল থেকেই খুবই শান্ত স্বভাবের ছিল, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতো এবং কারো ক্ষতি করত না। তিনি বলেন, মুহাম্মাদ হাদি ইচ্ছে করলেই সাধারণ জীবনযাপন করতে পারতো, কিন্তু সে ১৫ বছর বয়সে প্রতিরোধ সংগ্রামের সঙ্গে নিজেকে যুক্ত করে।
দুনিয়াবি স্বার্থের প্রতি তার আকর্ষণ ছিল না বলে জানান হাসান নাসরুল্লাহ। তার আত্মত্যাগ হাসান নাসরুল্লাহর জন্য আজও শিক্ষা ও প্রেরণা হয়ে আছে বলে তিনি মন্তব্য করেন। শহীদ হাদি প্রশিক্ষণ শিবিরে নিজের পরিচয় লুকিয়ে রাখত এবং কমান্ডারের নির্দেশ পুরোপুরি মেনে চলতো।
১৯৯৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের হামলায় হাসান নাসরুল্লাহ’র বড় ছেলে মুহাম্মাদ হাদি শহীদ হন।#
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।