সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণে মার্কিন সেনা: তীব্র বিরোধিতা করলো ইরান ও রাশিয়া
-
সংবাদ সম্মেলনে জারিফ, ল্যাভরভ ও চাভুসওগ্লু
সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণের ব্যাপারে আমেরিকা সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধিতা এবং সমালোচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল (মঙ্গলবার) এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ইস্যুতে বক্তব্য রাখেন। ওই সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুও উপস্থিত ছিলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনক হচ্ছে যে, তেলক্ষেত্র সিরিয়ার কিন্তু তা রক্ষার জন্য সেনা মোতায়েন করছে আমেরিকা। এরপর পর তিনি হাসতে হাসতে বলেন, মন্দের ভালো যে, প্রেসিডেন্ট ট্রাম্প সৎ সাহসে আমেরিকার আসল উদ্দেশ্যের কথা বলেই ফেলেছেন।
সংবাদ সম্মেলনে জাওয়াদ জারিফ জোর দিয়ে বলেন, সিরিয়ায় ইরান এবং রাশিয়া বৈধভাবে উপস্থিত রয়েছে এবং সিরিয়ার সরকার ও দেশটির জনগণের জন্য যতদিন প্রয়োজন ইরান এবং রাশিয়া ততদিন সেখানে উপস্থিত থাকবে। তিনি বলেন, সিরিয়া সরকারের আমন্ত্রণে এবং জনগণের প্রত্যাশার কারণে ইরান ও রাশিয়া সেখানে রয়েছে।
সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দায়েশের হাত থেকে সিরিয়ার ক্ষেত্রগুলো রক্ষার নাম করে ইরাক থেকে সিরিয়ায় সেনা ফিরিয়ে আনা হয়েছে। স্বাধীন সার্বভৌম সিরিয়ার সম্পদ রক্ষার নামে আমেরিকার যে পদক্ষেপ নিয়ে তা অবৈধ- সে কথাও ল্যাভরভ স্মরণ করিয়ে দেন।#
পার্সটুডে/এসআইবি/৩০