লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন মোহাম্মাদ সাফাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i75307-লেবাননের_প্রধানমন্ত্রী_পদ_থেকে_নিজেকে_সরিয়ে_নিলেন_মোহাম্মাদ_সাফাদি
লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সাবেক মন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি। তিনি দেশের সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর দেশটির রাজনৈতিক অচলাবস্থার অবসান হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা আবার অনিশ্চয়তার মুখে পড়ল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৭, ২০১৯ ১১:২২ Asia/Dhaka
  • মোহাম্মাদ সাফাদি
    মোহাম্মাদ সাফাদি

লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সাবেক মন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি। তিনি দেশের সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর দেশটির রাজনৈতিক অচলাবস্থার অবসান হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা আবার অনিশ্চয়তার মুখে পড়ল।

লেবাননের এলবিসিআই টেলিভিশন জানিয়েছে, শনিবার মোহাম্মাদ সাফাদি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একথা বুঝতে পেরেছেন যে, তার পক্ষে এমন একটি ‘ঐক্যমত্যের’ সরকার গঠন করা অসম্ভব যা দিয়ে তিনি জনগণের দাবি অনুযায়ী দেশে প্রয়োজনীয় সংস্কার আনতে পারেন।

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেররি বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল আকার নিয়েছে। তিনি অবিলম্বে এই অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশে প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার আনার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল শুক্রবার জানিয়েছিলেন, সাবেক অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি সেদেশের নয়া সরকারের প্রধানমন্ত্রী হতে সম্মত হয়েছেন। তিনি বলেছিলেন, মোহাম্মাদ সাফাদি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অতীতে মন্ত্রী থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি রাজনৈতিক দল মোহাম্মাদ সাফাদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দিয়েছে এবং তিনি নিজেও এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন।

লেবানন সরকারের ব্যাপক দুর্নীতি এবং গত প্রায় তিন দশকের ইতিহাসে দেশটির সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়।এর জের ধরে ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। প্রেসিডেন্ট মিশেল আউন তার পদত্যাগপত্র গ্রহণ করে নয়া সরকার গঠনের লক্ষ্যে গত প্রায় তিন সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা চালিয় আসছেন।#

পার্সটুডে/এমএমআই/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।