ইসরাইলি বসতি স্থাপন সম্পর্কিত নীতি থেকে সরে যাওয়ায় আমেরিকার নিন্দা
-
পশ্চিম তীরের আল খলিল শহরে অবৈধ ইহুদি বসতির পাশে ফিলিস্তিনি পতাকা
ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপন সম্পর্কিত দীর্ঘদিনের অনুসৃত নীতি থেকে সরে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, মার্কিন সরকারের অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক আইনের জন্য আরেকটি বড় ধরনের বিপর্যয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সোমবার জানিয়েছিলেন, ১৯৭৮ সালে ইসরাইলের বসতি নির্মাণ সম্পর্কিত আমেরিকা যে আইন পাস করেছিল তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ১৯৭৮ সালের মার্কিন আইনে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। এখন আমেরিকা নতুন আইনের মাধ্যমে একথা বলতে চাচ্ছে যে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক নয়।
মার্কিন সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় সব রাজনৈতিক সংগঠন ক্ষুব্ধ হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ সাতাইয়্যাহ বলেছেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে তখন তাকে সমর্থন দেয়ার জন্য মার্কিন সরকার আইনের এই পরিবর্তন করতে যাচ্ছে।
এদিকে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ জোর দিয়ে বলেছেন, মাইক পম্পেওর ঘোষণা অবৈধ এবং এটি কোনোমতেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক আইনের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক।#
পার্সটুডে/এসআইবি/এআর/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।