‘ট্রাম্প অন্ধভাবে ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়ন করছেন’
-
বুসাইনা শাবান
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারি বুসাইনা শাবান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের দেয়া পরিকল্পনাগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলে অন্ধভাবে বাস্তবায়ন করে চলেছেন।
বুসাইনা শাবান বলেন, “আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে ইহুদিবাদীদের ইচ্ছাকে অন্ধভাবে পূরণ করে চলেছেন ট্রাম্প। ইহুদিবাদীরা প্রতিরোধ আন্দোলনের দুই কমান্ডারকে হত্যা করে এ অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করতে চেয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ড প্রতিরোধকামীদেরকে আরো বেশি শক্তিশালী করে তুলবে।”
বুসাইনা শাবান গতকাল (রোববার) সিরিয়ার রাজধানী দামেস্কে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মহান্দিসের হত্যাকাণ্ডের নিন্দা জানান।
বুসাইনা শাবান ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকায় একটি রিপোর্ট উল্লেখ করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করার জন্যই আমরা ডোনাল্ড ট্রাম্পকে কাজ করতে দেখছি। হারেৎজ পত্রিকার ওই রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের দুজন কর্মকর্তাকে ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করতে আগ্রহী এবং এজন্য তিনি কংগ্রেসের অনুমতি নেবেন না।#
পার্সটুডে/এসআইবি/১৩