নয়া মন্ত্রিসভা গঠনে লেবাননের সরকার ও জনগণকে অভিনন্দন জানাল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বে লেবাননে বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা গঠিত হওয়ার পর দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ওই অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে লেবাননের নয়া সরকার সেদেশের সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
মুসাভি বলেন, লেবাননের জনগণের পক্ষ থেকে নির্বাচিত এ সরকার দেশের ঐক্য ও সংহতি বজায় রেখে লেবাননকে উন্নতির দিকেএগিয়ে নিয়ে যাবে বলে ইরান আশা করছে। তিনি লেবাননের নতুন সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করে বলেন, তেহরান বৈরুতের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরো শক্তিশালী করতে আগ্রহী।
শনিবার রাতে প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বে লেবাননের ২০ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এর আগে গত বছরের ২৯ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী সা’দ হারিরি তার সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের ১৩তম দিনে পদত্যাগ করেন। তখন থেকে লেবাননে আনুষ্ঠানিক কোনো সরকার ছিল না। সা’দ হারিরি এতদিন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।