করোনাভাইরাস: এবার সৌদি নাগরিকদের ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i78001-করোনাভাইরাস_এবার_সৌদি_নাগরিকদের_ওমরাহ_পালনে_সাময়িক_নিষেধাজ্ঞা
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। দেশটিতে দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৫, ২০২০ ১০:৪৮ Asia/Dhaka
  • পবিত্র মসজিদুল হারাম
    পবিত্র মসজিদুল হারাম

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। দেশটিতে দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল। 

আরব নিউজ জানিয়েছে, করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। 

গতকাল (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি আরবের নাগরিক কিংবা কোনো প্রবাসী ওমরাহ পালনের জন্য মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে প্রবেশ করতে পারবে না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিদেশিদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন এবং ধর্মীয় সব কর্মকাণ্ডে অংশ নেয়ার উদ্দেশ্যে আগমনেচ্ছুদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। ওমরাহ পালনের জন্য জমা নেয়া অর্থ এজেন্সির মাধ্যমে ফেরত দেয়া হবে বলেও জানানো হয়। এছাড়া, পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পড়েছে এমন কোনো দেশ বা অঞ্চলের বাসিন্দাদের সৌদি আরবে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ। 

সৌদি আরব গত সোমবার করোনাজনিত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়ার ঘোষণা দেয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, করোনা সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে জরুরিভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্দেহভাজন ওই ব্যক্তিকে পরীক্ষা করতে একটি মেডিকেল টিম পাঠায়। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার পর দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরই মাঝে ওই ব্যক্তিকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে বলে জানানো হয়। #

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।