দায়েশের হামলায় হাশদ আশ-শাবির ১০ সদস্য নিহত
-
হাশদ আশ-শাবির যোদ্ধাদের ফাইল ফটো
ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্তত ১০ যোদ্ধা নিহত হয়েছে। পপুলার মোবিলাইজেশন ইউনিট আজ (শনিবার) জানিয়েছে, সালাউদ্দিন প্রদেশের মেকিশ্ফা ও বালাদ শহরে দায়েশের হামলার পর বেশ কয়েকটি ফ্রন্টে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়েছে।
পপুলার মোবিলিজেশন ইউনিটের যোদ্ধারা এরইমধ্যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং সরকার ওই এলাকায় বাড়তি সেনা পাঠিয়েছে যাতে বড় ধরনের পাল্টা হামলা মোকাবেলা করা যায়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত পপুলার মোবিলাইজেশন ইউনিটের সদস্যদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমি।
তিনি এক বিবৃতিতে বলেছেন, “হাশদ আশ-শাবির যেসব বীর সেনানী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে আমাদের মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করে আসছেন তাদের একদল বীর শহীদ হয়েছেন যা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক সংবাদ।”
২০১৪ সালে বিভিন্ন জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবকদের নিয়ে পপুলার মোবিলাইজেশন ইউনিট গঠন করা হয়েছিল এবং তারা সরকারি সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/২