লেবাননে মার্কিন রাষ্ট্রদূতের মাস্তানি থেমে নেই; এবার প্রধানমন্ত্রীকে হুমকি
-
ডরোথি শেয়া
লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া'র মাস্তানি অব্যাহত রয়েছে। এবার তিনি লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে বার্তা পাঠিয়ে হুমকি দিয়েছেন বলে খবর বেরিয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় লেখা এক বার্তায় বলেছেন, ‘আপনি হিজবুল্লাহর দিকনির্দেশনায় চলছেন।’ তার পুরো বার্তাটি হুমকিপূর্ণ ছিল বলে জানিয়েছে লেবাননের দৈনিক আল-আখবার। রাষ্ট্রদূতের বার্তার কোনো জবাব দেননি প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রদূতের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়ে আছেন বলে জানা গেছে।
এর আগে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্পর্কে বেফাঁস মন্তব্য করে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন এই রাষ্ট্রদূত। লেবাননের একটি আদালত গণমাধ্যমের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার কোনো বক্তব্য প্রকাশ করতে গণমাধ্যমকে নিষেধ করেছে।
সম্প্রতি ডোরোথি শেয়া লেবাননের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, দেশটির চলমান অর্থনৈতিক সংকট নিরসনের পথে বাধা হয়ে আছে হিজবুল্লাহ। মার্কিন রাষ্ট্রদূত হিজবুল্লাহকে সরকারের বাইরে রাখারও আহ্বান জানিয়েছিলেন।
হিজবুল্লাহ হচ্ছে লেবাননের অত্যন্ত জনপ্রিয় একটি সংগঠন। নির্বাচনে এই দলের প্রার্থীরা ব্যাপক ভোটে বিজয়ী হয়ে সংসদে এসেছেন। হিজবুল্লাহ সম্পর্কে মন্তব্যের পর লেবাননের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
চলতি মাসের প্রথমদিকে লেবাননের কয়েকটি শহরে বিক্ষোভের নামে সহিংসতা চালানো হয়েছে। বিক্ষোভকারীরা লেবাননের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে উল্লাস করে এবং সরকারের পদত্যাগ দাবি করে। লেবাননের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বেড়ে যাওয়ার অজুহাত তুলে তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।
ওই সময় প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছিলেন, তার সরকারের বিরুদ্ধে ক্যু’ ঘটানোর জন্য এই বিক্ষোভ-সহিংসতার আয়োজন করা হয়েছে।
জাতীয় ও আন্তর্জতিক আইন অনুযায়ী ভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কোনো রাষ্ট্রদূত হস্তক্ষেপ করতে পারে না।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।