এবার হাফেজ আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
-
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বড় ছেলে হাফেজ আল-আসাদ (২০১৮ সালের জুলাই মাসের ছবি)
মার্কিন সরকার এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বড় ছেলে হাফেজ আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বুধবার) ১৯ বছর বয়সি হাফেজ আল-আসাদ’সহ সিরিয়ার চার ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
ওই মন্ত্রণালয় দাবি করেছে, বাশার আল-আসাদ সরকার সিরিয়ার কোটি কোটি ডলারের রাজস্ব দেশের জনগণের উন্নয়নে খরচ না করে যুদ্ধের কাজে ব্যয় করছে। সিরিয়ার অর্থনীতি ধ্বংস করে ফেলার জন্যও মার্কিন অর্থ মন্ত্রণালয় বাশার আল-আসাদ সরকারকে অভিযুক্ত করেছে।মার্কিন সরকার অভিযোগ করছে, সিরিয়া সরকারের এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে হাফেজ আল-আসাদসহ নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো।
আমেরিকা এমন সময় এসব অভিযোগ করল যখন বাশার আল-আসাদ সরকার গত প্রায় ১০ বছর যাবত মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। আমেরিকা ও তার মিত্র দেশগুলো সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবার নাম ছিল হাফেজ আল-আসাদ। ২০০০ সালে তার স্বাভাবিক মৃত্যু হওয়ার পর বাশার আল-আসাদ দেশের ক্ষমতা গ্রহণ করেন। বাশার আল-আসাদের বড় ছেলে হাফেজের জন্ম হয় ২০০১ সালে এবং তার বয়স বর্তমানে ১৯ বছর। আরব বিশ্বে বহু পিতা নিজের বাবার নামে সন্তানের নাম রাখেন এবং এটি সেখানকার একটি প্রচলিত রেওয়াজ।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।