ইরান সফরে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী: আলোচনা হবে সামরিক সহযোগিতা নিয়ে
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাধুন খাত্তাব আজ (শনিবার) তেহরান ইরান সফরে যাচ্ছেন। প্রতিবেশী দেশটির সঙ্গে ইরাকের সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যই মূলত এ সফরে যাচ্ছেন।
এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ইরাকি প্রতিরক্ষামন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ সফরে ইরাকি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের সামরিক কমান্ডাররা থাকবেন।
তেহরান অবস্থানকালে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রতিরক্ষামন্ত্রী সঙ্গে আলোচনা করা ছাড়াও অন্যান্য শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
গত মে মাসে এক ভিডিও কলে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি ইরাকি প্রতিরক্ষামন্ত্রীর কাছে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন এ ধরনের সম্পর্ক সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি মডেল হিসেবে অনুসৃত হবে।
জেনারেল হাতামি জোর দিয়ে বলেছিলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরাক এবং ইরাকের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম সরকারের পতনের পর থেকে বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছে ইরান।#
পার্সটুডে/এসআইবি/১৪