ইয়েমেনে সৌদি আগ্রাসন বুমেরাং হয়ে উঠছে! রিয়াদের নাভিশ্বাস!
https://parstoday.ir/bn/news/west_asia-i88048-ইয়েমেনে_সৌদি_আগ্রাসন_বুমেরাং_হয়ে_উঠছে!_রিয়াদের_নাভিশ্বাস!
সৌদি সরকার যখন তার সীমান্ত সংলগ্ন ইয়েমেনের মা'রিব প্রদেশে পরাজয় ঠেকাতে হিমশিম খাচ্ছে তখন রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা এই শাসকগোষ্ঠীকে আরও বিচলিত করে তুলেছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৭:২২ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বাহিনীর ওপর প্রতিরোধকামীদের হামলা (ফাইল ছবি)
    ইয়েমেনে সৌদি বাহিনীর ওপর প্রতিরোধকামীদের হামলা (ফাইল ছবি)

সৌদি সরকার যখন তার সীমান্ত সংলগ্ন ইয়েমেনের মা'রিব প্রদেশে পরাজয় ঠেকাতে হিমশিম খাচ্ছে তখন রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা এই শাসকগোষ্ঠীকে আরও বিচলিত করে তুলেছে। 

সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। এর আগে মা'রিব প্রদেশে সৌদি সরকারের অনুচর সেনা-কমান্ডারদের বৈঠক চলার সময় সেখানেও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইয়েমেনি বাহিনী জানিয়েছে।

এদিকে ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনি সশস্ত্র ও স্বেচ্ছাসেবী বাহিনীগুলোর অগ্রাভিযান চলতে থাকায় তারা এখন মা'রিব প্রদেশের প্রধান কেন্দ্র থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে রয়েছে। দায়েশ বা আইএসসহ নানা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদেরকে এই প্রদেশে এনে সৌদি জোট সেখানে ইয়েমেনের জাতীয় মুক্তি মোর্চা সরকারের অনুগত সেনাদের বিজয় ঠেকানোর চেষ্টা করছে। 

রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলাকে মা'রিবে ইয়েমেনি বাহিনীর অগ্রাভিযানকে জোরদার করারই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৌদি আরবের আকাশে, বিশেষ করে রিয়াদ ও জেদ্দা বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ইয়েমেনিদের এমন হামলা অব্যাহত থাকলে সৌদি আরবের অর্থনৈতিক তৎপরতাও মারাত্মক আঘাতের শিকার হবে।  

রিয়াদে এমন সময় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানল যখন সৌদি শাসকগোষ্ঠী নতুন মার্কিন সরকারের পক্ষ থেকে চাপের মুখোমুখি হয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করায় রিয়াদের শাসকগোষ্ঠী এখন তীব্র চাপের মুখে পড়েছে। দ্বিমুখী এই চাপ সৌদি শাসকগোষ্ঠীর জন্য অসহনীয় হয়ে উঠতে পারে। অবশ্য মার্কিন সরকার মা'রিব প্রদেশের পতন ঠেকানোর জন্য কূটনৈতিক পদক্ষেপ নেয়া শুরু করেছে। 

ইয়েমেনে সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনে মার্কিন সরকার বেশ চাপ অনুভব করছে। এ অবস্থায় ইয়েমেন যুদ্ধে শক্তির ভারসাম্যে সৌদি জোটের প্রতিপক্ষের পাল্লা ভারি থাকায় মার্কিন সরকার এ যুদ্ধের চোরাবালি থেকে রিয়াদকে উদ্ধার করতে চায় বলে বিশ্লেষকরা মনে করছেন।
এটা স্পষ্ট ইয়েমেনে সৌদি জোটের ছয় বছরের আগ্রাসন ক্রমেই বুমেরাং হয়ে উঠছে। নাভিশ্বাস উঠেছে রিয়াদের।  #

পার্সটুডে/ ২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।