ইয়েমেনে মার্কিন সেনা মোতায়েন সার্বভৌমত্বের লঙ্ঘন: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i8950-ইয়েমেনে_মার্কিন_সেনা_মোতায়েন_সার্বভৌমত্বের_লঙ্ঘন_আনসারুল্লাহ
ইয়েমেনে সেনা মোতায়েনের মাধ্যমে আমেরিকা সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে ঘোষণা করেছে দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ। ইয়েমেনে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম আজ (মঙ্গলবার) এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০১৬ ১৫:৪৬ Asia/Dhaka
  • আব্দুস সালাম
    আব্দুস সালাম

ইয়েমেনে সেনা মোতায়েনের মাধ্যমে আমেরিকা সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে ঘোষণা করেছে দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ। ইয়েমেনে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম আজ (মঙ্গলবার) এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, "আমেরিকা বিশেষ উদ্দেশ্যে ইয়েমেনে সেনা মোতায়েন করেছে। ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের এ ঘটনার আমরা নিন্দা জানাই।" আমেরিকার সবুজ সঙ্কেতেই ইয়েমেনে সৌদি আগ্রাসন চলছে বলে ইয়েমেনের জনগণ মনে করে।

সম্প্রতি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হাজারামাউতের বন্দর নগরী মুকালায় দুই শতাধিক সেনা মোতায়েন করেছে আমেরিকা। মুকালা একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং সেখানে তেল টার্মিনাল রয়েছে। এছাড়া, এডেন উপসাগরের উপকূলে উভচর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার মোতায়েন করা হয়েছে। এতে ১২০০'র বেশি মেরিন সেনার পাশাপাশি কয়েকটি সাঁজোয়াযান রয়েছে।

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় উপকূল বর্তমানে মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে কথিত লড়াইয়ের নামে এসব সেনা মোতায়েন করা হয়েছে। কিন্তু আমেরিকার আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে ইয়েমেনি জনগণের। কারণ বিশ্বের সচেতন মানুষ আমেরিকাকে আল-কায়েদা ও দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষক হিসেবেই জানে।#

সোহেল আহম্মেদ/১০