গাজাবাসীকে ক্ষেপণাস্ত্র সক্ষমতায় শক্তিশালী করতে হবে: হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিন ও আল-কুদস রাজনীতি করার কোনো বিষয় নয় বরং ইহুদিবাদীদের কবল থেকে এগুলোকে মুক্ত করা ফিলিস্তিনি নাগরিকসহ গোটা মুসলিম বিশ্বের অকাট্য অধিকার।
তিনি গতকাল (শুক্রবার) বিশ্ব কুদস দিবস উপলক্ষে এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে দেয়ার লক্ষ্যেই মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষ গড়ে উঠেছে এবং বৈধতা পেয়েছে।
হিজবুল্লাহ নেতা বলেন, এখন গাজাবাসীকে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করে আল-কুদস দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।নিজেদের অধিকার আদায়ের জন্য সশস্ত্র সংগ্রাম করার অধিকার ফিলিস্তিনি জনগণের রয়েছে এবং আমরা তাদের পাশে রয়েছি।
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণ যে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারবে সে ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সংশয় নেই।
ভাষণে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ প্রসঙ্গে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের সব আশা দুরাশায় পরিণত হয়েছে। ইরান বিপজ্জনক দিনগুলো অতিক্রম করে এসেছে এবং দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করার মার্কিন ও ইসরাইলি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।