কমান্ডার বদরুদ্দিন হত্যাকাণ্ডের তদন্ত শুরু করল হিজবুল্লাহ
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আজ (শুক্রবার) বলেছে, দামেস্কে নিহত হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা বদরুদ্দিন নিহত হওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
বিমান, ক্ষেপণাস্ত্র হামলা নাকি কামানের গোলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় এ কমান্ডার নিহত হয়েছেন তা বের করতে এ তদন্ত শুরু করা হয়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে আরো বলা হয়, দামেস্ক বিমান বন্দরের কাছে একটি ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণে কমান্ডার বদরুদ্দিন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে হিজবুল্লাহ।
আগের খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় শহীদ হয়েছেন ৫৫ বছর বয়সি বদরুদ্দিন। সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত হিজবুল্লাহর সামরিক কমান্ডার ছিলেন তিনি।
আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, কয়েক মাস আগে বদরেদ্দিন বলেছিলেন, শহীদ হওয়া বা বিজয়ের পতাকা ধারণ না করা পর্যন্ত সিরিয়া ত্যাগ করব না আমি। তিনি এখন শহীদের বেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে আল-মানার।
লেবাননে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছেন কমান্ডার বদরুদ্দিন। তেল আবিব, আমেরিকা এবং তার মধ্যপ্রাচ্যের মিত্ররা কমান্ডার বদরুদ্দিনকে হত্যা বা গ্রেফতারের জন্য একাধিকবার চেষ্টা করেছে।#
মূসা রেজা/১৩