ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে ইসরাইল প্রতিষ্ঠা করা হয়েছে: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i91942-ফিলিস্তিনিদের_ওপর_গণহত্যা_চালিয়ে_ইসরাইল_প্রতিষ্ঠা_করা_হয়েছে_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই রাষ্ট্রটি শান্তি কিংবা সংলাপের ভাষা বোঝে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০২১ ০৫:১৯ Asia/Dhaka
  • বৃহস্পতিবার দামেস্কে ফিলিস্তিনি প্রতিনিধিদে সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আসাদ
    বৃহস্পতিবার দামেস্কে ফিলিস্তিনি প্রতিনিধিদে সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই রাষ্ট্রটি শান্তি কিংবা সংলাপের ভাষা বোঝে না।

তিনি গতকাল (বৃহস্পতিবার) রাজধানী দামেস্কে একদল ফিলিস্তিনি প্রতিনিধি ও নেতার সঙ্গে বৈঠকে এ মন্কতব্য করেন। বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের গত কয়েকদিনের পাশবিকতা নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রেসিডেন্ট আসাদ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রতি সমর্থনকে তার দেশের অন্যতম মৌলিক নীতি হিসেবে উল্লেখ করেন। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, নিজেদের মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে ফিলিস্তিনিরা যে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার প্রতি দামেস্কের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য প্রেসিডেন্ট আসাদকে ধন্যবাদ জানান ফিলিস্তিনি প্রতিনিধিরা। তারা বলেন, গত কয়েকদিনের ইহুদিবাদী আগ্রাসন প্রমাণ করছে যে, ফিলিস্তিনিরা একমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই তাদের অধিকার আদায় করতে পারবে; সংলাপ বা অন্য কোনো উপায়ে নয়।

ফিলিস্তিনি প্রতিনিধিরা আরো বলেন, পাশ্চাত্য ও ইসরাইল-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বিজয়ের ফলে ফিলিস্তিনি জনগণের মনোবল আরো শক্তিশালী হয়েছে।

গাজা উপত্যকার উপর যখন ইহুদিবাদী ইসরাইল ১১ দিন ধরে একটানা বোমাবর্ষণ করে যাচ্ছিল তখন বৃহস্পতিবার দামেস্কে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। অবশ্য শুক্রবার ভোররাত থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।