গেরিলা গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি করছে আফগান সরকার
আফগানিস্তানে যুদ্ধরত হিজবে ইসলামি গেরিলা গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি করতে যাচ্ছে দেশটির সরকার। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সরকারের সফলতা অর্জনের জন্য এ ধরনের চুক্তি অনেক বেশি জরুরি বলে মনে করা হচ্ছে।
আফগান সরকারের উচ্চ শান্তি পরিষদের উপ প্রধান আতাউর রহমান সালিম জানিয়েছেন, আগামীকাল (রোববার) এ চুক্তি সই হবে। দু বছর আলোচনার পর হিজবে ইসলামির সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে এ চুক্তি হতে যাচ্ছে।
পাকিস্তান সরকার এ পর্যন্ত বহুবার তালেবান গেরিলা ও আফগান সরকারকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করলেও তা সফল হয় নি। অনেকে মনে করেন, তালেবানের প্রতি পাকিস্তান সরকারের সমর্থন রয়েছে।
সম্ভাব্য চুক্তিতে হিজবে ইসলামি কাবুল সরকারের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেবে। এছাড়া, আফগানিস্তানের সংবিধানকে সম্মান করবে এবং সরকার-বিরোধী সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে। ২০১৩ সালে হিজবে ইসলামির গেরিলারা সর্বশেষ বড় ধরনের হামলা চালায়। ওই হামলায় ছয় মার্কিন সেনাসহ ১৫ ব্যক্তি নিহত হয়েছিল।#
সিরাজুল ইসলাম/১৪