গুরুত্বপূর্ণ উপজাতি এখন হুথিদের পক্ষে
মা’রিব প্রদেশ মুক্ত করার দ্বারপ্রান্তে ইয়েমেনি সেনারা
-
হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের বিজয়োল্লাস
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের রাজধানী শহর মা’রিব পুরোপুরি মুক্ত করার দ্বারপ্রান্তে রয়েছে। ইয়েমেনের গুরুত্বপূর্ণ উপজাতি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষে যোগ দেয়ায় লড়াই এখন অনেকটা সহজ হয়ে গেছে।
ইয়েমেনের উত্তর ও মধ্যাঞ্চলে অবস্থিত মা’রিব প্রদেশ হচ্ছে সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীদের সর্বশেষ শক্ত ঘাঁটি। এরইমধ্যে আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি সমর্থিত সন্ত্রাসীদের সঙ্গে প্রাচণ্ড লড়াইয়ের পর উম-রিশ ক্যাম্প দখল করেছে। মা’রিব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জুবা জেলায় ক্যাম্পটি অবস্থিত। এছাড়া, জারশা নামে আরো একটি জেলায়ও ইয়েমেনের সেনারা অগ্রগতি লাভ করেছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড লড়াইয়ের পর মা’রিবের এসব এলাকা দখল করতে সক্ষম হয় ইয়েমেনি সেনারা।
গত বছর থেকে ইয়েমেনি সামরিক বাহিনী মা’রিব প্রদেশের অভিযানকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। গতকাল অনলাইন পত্রিকা মিডলইস্ট আই জানিয়েছে, আল-জুবা ও জাবাল মুরাদ এলাকা দখলের পর মা’রিবের প্রদেশিক রাজধানী দখল এখন সহজ হয়ে গেছে।#
পার্সটুডে/এসআইবি/৩০