সিরিয়ায় আরো বেশি হিজবুল্লাহ যোদ্ধা পাঠাব: নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রতিবেশী সিরিয়ায় আরো বেশি যোদ্ধা পাঠাবে হিজবুল্লাহ। এছাড়া, যুদ্ধ পরিচালনার জন্য হিজবুল্লাহর নেতা পাঠানোও বন্ধ হবে না।
শহীদ কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের স্মরণসভা উপলক্ষে রাজধানী বৈরুতে বিশাল সমাবেশে দেয়া ভাষণে গতকাল (শুক্রবার) হাসান নাসরুল্লাহ এসব কথা বলেছেন। তিনি এ সময় বদরুদ্দিনের শাহাদাতের প্রশংসা করেন। হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, “সিরিয়া থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহার করা হবে না বরং বদরুদ্দিনের রক্ত আরো যোদ্ধা পাঠাতে আমাদেরকে দায়িত্বশীল করে তুলবে।”
কমান্ডার বদরুদ্দিন সম্পর্কে হাসান নাসরুল্লাহ বলেন, “ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ২০০৬ সালের যুদ্ধে ইমাদ মুগনিয়ার পাশাপাশি কমান্ডার বদরুদ্দিনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহর নিরাপত্তা ও সামরিক ইউনিট দেখভালের দায়িত্বে ছিলেন বদরুদ্দিন। সিরিয়ায় তার অবস্থানের কারণে লেবানন উগ্র সন্ত্রাসীদের হাতে পড়েনি বলেও মন্তব্য করেন হাসান নাসরুল্লাহ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১