আপনি বৃথাই হুমকি দিচ্ছেন: এরদোগানকে ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i10462-আপনি_বৃথাই_হুমকি_দিচ্ছেন_এরদোগানকে_ইউরোপীয়_ইউনিয়ন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে খানিকটা তাচ্ছিল্য করে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, “শরণার্থী বিষয়ক চুক্তি বাস্তবায়নের বিষয়ে আপনি বৃথাই হুমকি দিচ্ছেন।”
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ২৭, ২০১৬ ০৭:৩৯ Asia/Dhaka
  • আপনি বৃথাই হুমকি দিচ্ছেন: এরদোগানকে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে খানিকটা তাচ্ছিল্য করে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, “শরণার্থী বিষয়ক চুক্তি বাস্তবায়নের বিষয়ে আপনি বৃথাই হুমকি দিচ্ছেন।”

জাপানে অনুষ্ঠানরত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় গতকাল (বৃহস্পতিবার) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য-ক্লদে জুকার এ কথা বলেছেন।

গত মার্চ মাসে সই হওয়া চুক্তির একটি ধারা অনুযায়ী, নৌকায় করে এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টার সময় প্রতিটি নাগরিককে তুরস্কে ফিরিয়ে দেয়ার বিনিময়ে তুরস্কে অবস্থানরত সিরিয়ার একজন শরণার্থীকে গ্রহণ করবে ইউরোপ। এর বিনিময়ে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে অর্থনৈতিক সুবিধা, তুর্কি নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে গ্রহণ করার বিষয়টি ত্বরান্বিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

এর অংশ হিসেবে তুরস্ক বলছে, জুন মাসের মধ্যেই তুর্কি নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চালু করতে হবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ভিন্ন ইঙ্গিত দিয়েছে। এর পাশাপাশি সন্ত্রাস-বিরোধী আইন সংস্কার করার জন্য চাপ দিচ্ছে ইইউ। ধারণা করা হচ্ছে- নতুন এ আইন কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের এ মনোভাবের জবাবে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুর্কি নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চালু না করলে জাতীয় সংসদে ওই চুক্তি অনুমোদন করা হবে না।

এ বক্তব্যের জবাবে জুকার বলেন, “হুমকি কখনো উত্তম কূটনৈতিক পন্থা হতে পারে ন। সে কারণে এ ধরনের হুমকি বন্ধ করা উচিত কারণ হুমকি কোনো ফলাফল বয়ে আনবে না।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭