চীনের কাছে রাশিয়ার সামরিক সহায়তা চাওয়ার দাবি মিথ্যা: বেইজিং ও মস্কো
https://parstoday.ir/bn/news/world-i105218-চীনের_কাছে_রাশিয়ার_সামরিক_সহায়তা_চাওয়ার_দাবি_মিথ্যা_বেইজিং_ও_মস্কো
রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছিল বলে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা যে দাবি তুলেছেন, তা অস্বীকার করেছে বেইজিং ও মস্কো। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৪, ২০২২ ২২:৪০ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং
    ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং

রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছিল বলে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা যে দাবি তুলেছেন, তা অস্বীকার করেছে বেইজিং ও মস্কো। 

চীনের কাছে সামরিক সহায়তা চাওয়ার দাবি মিথ্যা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এ নিয়ে অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে। আজকাল খবরের কাগজে অনেক কিছুই পড়তে পারেন। এগুলোকে মূল উৎস হিসেবে গণ্য করা উচিত নয়।’

পেসকভ বলেন, 'অভিযান চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার পর্যাপ্ত সামরিক উপকরণ আছে। আমরা বলেছি, অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে এবং সময়মতো ও সম্পূর্ণভাবে সম্পন্ন হবে।'

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার জন্য চীনের কাছ থেকে সামরিক সহায়তা চেয়েছিল বলে ওয়াশিংটন সম্প্রতি যে অভিযোগ করেছে, সেটি মিথ্যা।

সামরিক সহায়তা চেয়ে রাশিয়ার অনুরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস বক্তব্য জানতে চেয়েছিল সিএনএন। এর পরিপ্রেক্ষিতে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ এক বিবৃতিতে বলেছেন, ‘আমি এমন কিছু কখনও শুনিনি।’

চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, ‘এ মুহূর্তে যে বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, তা হলো- উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়া কিংবা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে আটকানো। চীন সর্বোচ্চ সংযমের চর্চা করা এবং বড় ধরনের মানবিক সংকট প্রতিরোধের আহ্বান জানাচ্ছে।’

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, রাশিয়া চীন থেকে সামরিক সহায়তা চেয়েছে। তার বরাত দিয়ে খবরটি প্রকাশ ফিন্যান্সিয়াল টাইমস, নিউইয়র্ক টাইমস, সিএনএন, ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন গণমাধ্যম। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।