অনাস্থা প্রস্তাবের জন্য আমেরিকাকে কেন দুষছেন ইমরান খান?
-
ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিতে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। এর মাধ্যমে আমেরিকা প্রতিশোধ নিতে চায় বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, পাকিস্তানের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছিল আমেরিকা, কিন্তু তিনি তাতে রাজি হননি। এ কারণেই এখন পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে তার বিরুদ্ধে উসকানি দেওয়া হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। পররাষ্ট্র নীতির ভিত্তি হচ্ছে জনকল্যাণ।
ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা এক অনাস্থা প্রস্তাবের কারণে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিরোধীদলগুলোর একটি জোট এই অনাস্থা প্রস্তাব এনেছে।
এই জোট বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে যাবার পর তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। আগামী শুক্রবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবটির ওপর ভোট হতে পারে।
২০১৮ সালে ক্ষমতাসীন হবার পর থেকে এটিই প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এটিই সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা বলে অনেকেই ধারণা করছেন।
ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ইমরান খান দক্ষিণ এশিয়া ইস্যুতে মার্কিন নীতির সমালোচনা করে আসছেন।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।