বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন তবু রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা
-
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বৈঠক মিলিত হচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা
রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার জন্য একটি খসড়া প্রস্তাব তৈরির কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল (সোমবার) একথা জানিয়েছেন আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া এবং নেদারল্যান্ডসের কূটনীতিকরা।
ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার পেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার এই উদ্যোগ নিতে যাচ্ছে যদিও জোটের সদস্য দেশগুলোর মধ্যে এ নিয়ে এখনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয় নি। বুলগেরিয়া সম্পূর্ণভাবে রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল; অন্যদিকে হাঙ্গেরি বলেছে, তার পক্ষে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা সম্ভব নয়।
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিমন কাভানি বলেন, রাশিয়া থেকে তেল আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়ন শত শত কোটি ইউরো ব্যয় করছে। এই বিপুল অর্থ নিঃসন্দেহে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিক সমর্থন যোগাচ্ছে। আমাদের অর্থের এই প্রবাহ বন্ধ করা প্রয়োজন। সেটি যত তাড়াতাড়ি করা যায় ততোই ভালো।"
কাভানি বলেন, লুক্সেমবার্গে তারা ইউরোপীয় কমিশনের সদরদপ্তরে বৈঠকে মিলিত হচ্ছেন যার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ।
নেদারল্যান্ডস এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন যে, রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তারাও ভাবছেন। দুই মন্ত্রী মনে করেন, রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করা সম্ভব।
এর আগে, গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে। তবে ওই প্রস্তাব সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক নয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেছেন, আজ হোক কাল হোক রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতেই হবে; তবে সেটি দ্রুত হলেই ভালো।#
পার্সটুডে/এসআইবি/১২