‘অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে’
-
তেলের দাম বাড়ছে
রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং ইউরোপাীয় দেশগুলো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার পর্যন্ত উঠতে পাোর। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন মালয়েশিয়াভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান ‘অয়েল ইন্ডাস্ট্রি ইনসাইট’র প্রতিষ্ঠাতা আলাহদাল এ. হুসেইন।
তিনি বলেন, রাতারাতি রাশিয়ার তেল ও গ্যাসের বিকল্প বের করা যাবে না। এতসব চ্যালেঞ্জের পরও যদি তারা চোখ বন্ধ করে থাকে তাহলে তারা আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার তেল দিয়ে রাশিয়ার তেলের শূন্যস্থান পূরণের চেষ্টা করবে। এর ফলে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে।
এ. হুসেইন বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটি থেকে কম দামে তেল কেনার সুযোগ নিয়ে চীন ও এশিয়ার কিছু দেশ লাভবান হবে। তিনি বলেন, যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত তেলের দাম বাড়তেই থাকবে। এরইমধ্যে নিষেধাজ্ঞার কারণে ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তা দেড়শ ডলার থেকে খুব বেশি দূরে নয়।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে আলোচনা করেছেন যাতে রাশিয়ার তেলের অংশ বিশেষের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এছাড়া, ২৭ জাতির এ জোট চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তাদের আমদানি করা তেলের শতকরা ৯০ ভাগ বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কৌশলগত দিক ঠিক করার পর চলতি সপ্তাহের শেষ দিকে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। গতকাল (বুধবার) বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১২৩ ডলার পর্যন্ত উঠেছিল।#
পার্সটুডে/এসআইবি/২