রাশিয়া আমাদের ২০% ভূমি নিয়ন্ত্রণে নিয়েছে: ইউক্রেনের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i108790-রাশিয়া_আমাদের_২০_ভূমি_নিয়ন্ত্রণে_নিয়েছে_ইউক্রেনের_প্রেসিডেন্ট
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের ১০০ দিন পূর্ণ হওয়ার পর কিয়েভ বলেছে, ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এক বক্তৃতায় বলেছেন, “আজ আমাদের শতকরা প্রায় ২০ ভাগ ভূমি রুশ সেনাদের দখলে রয়েছে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০২২ ০৫:৫৮ Asia/Dhaka
  • রাশিয়া আমাদের ২০% ভূমি নিয়ন্ত্রণে নিয়েছে: ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের ১০০ দিন পূর্ণ হওয়ার পর কিয়েভ বলেছে, ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এক বক্তৃতায় বলেছেন, “আজ আমাদের শতকরা প্রায় ২০ ভাগ ভূমি রুশ সেনাদের দখলে রয়েছে।”

রাশিয়ার সেনাবাহিনী বর্তমানে ইউক্রেনের পূর্বঅঞ্চলীয় দোনবাস অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অভিযান চালাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক রুশ সামরিক অভিযান শুরু হওয়ার আগে থেকেই দোনবাস অঞ্চলের দুই প্রদেশ লুহানস্ক ও দোনেস্কের অংশবিশেষ রুশ-পন্থি অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে ছিল।

গত বৃহস্পতিবার দোনবাস অঞ্চলের অন্যতম বৃহত্তম শিল্পনগরী সেভেরোদোনেস্কের প্রায় অর্ধেক দখল করে নিয়েছিল রাশিয়া। বর্তমানে এটির প্রায় ৮০ ভাগ রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে। লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গাইদাই অবশ্য দাবি করেছেন, ইউক্রেনের সেনারা ‘শেষ পর্যন্ত’ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেয়।মস্কো ঘোষণা করে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। রাশিয়াগ গতকাল (শুক্রবার) ঘোষণা করেছে, ইউক্রেনে নিজের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়ার পর্যন্ত সামরিক অভিযান চলবে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।