পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রে লাভ হবে না, শুধু যুদ্ধ দীর্ঘায়িত হবে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i117524-পেট্রিয়ট_ক্ষেপণাস্ত্রে_লাভ_হবে_না_শুধু_যুদ্ধ_দীর্ঘায়িত_হবে_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি চায়। তিনি বলেন, যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য কূটনৈতিক পন্থা অবলম্বন করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২২ ০৬:৫৮ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি চায়। তিনি বলেন, যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য কূটনৈতিক পন্থা অবলম্বন করা হবে।

গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন, “মস্কো কূটনৈতিক উপায়ে সমস্ত সশস্ত্র সংঘাতের অবসান চায়।

আমাদের লক্ষ্য সংঘাতের বিস্তৃতি ঘটানো নয়, বরং এর অবসান ঘটানো। সংঘাত অবসানের জন্য আমরা চেষ্টা চালাবো এবং সেটি যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। আমি বহুবার বলেছি, শত্রুতামূলক তৎপরতা যত বাড়ানো হবে, অনাকাঙ্ক্ষিত ক্ষতি ততই বাড়বে। যারা যুদ্ধ অবসানের বিরোধিতা করছে তারা যত তাড়াতাড়ি এ বিষয়টি বুঝবে ততই মঙ্গল। আমরা কখনোই এই বিষয়টি পরিত্যাগ করিনি।"

রাশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বলছেন, যুদ্ধ অবসানের জন্য সংলাপে বসতে প্রস্তুত রয়েছে মস্কো। তবে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে ইউক্রেনই বারবার অস্বীকৃতি জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকা সফরে যাওয়ার একদিন পর প্রেসিডেন্ট পুতিন এসব কথা বললেন। এ সফরের সময় প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও অস্ত্র সরবরাহ করতে আমেরিকার প্রতি আহ্বান জানান।

আমেরিকা ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে পুতিন বলেন, এটি একটি পুরনো ব্যবস্থা, রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতোও এটি কাজ করবে না। ফলে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বরং রুশ সেনারা এটি ঠিকই মোকাবেলা করবে। তবে যারা ইউক্রেনকে এগুলো দিচ্ছে তারা বৃথাই এসব করছেন। এতে ইউক্রেনের বিশেষ কোনো লাভ হবে না, শুধু যুদ্ধই দীর্ঘায়িত হবে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।